দিনে নারীপুজো, রাতে গণধর্ষণের কথা শুনিয়ে বিপাকে বীর (ভিডিও)

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ১০:৩৯ পিএম


দিনে নারীপুজো, রাতে গণধর্ষণের কথা শুনিয়ে বিপাকে বীর (ভিডিও)
কমেডিয়ান বীর দাস

ভারতে দিনে নারীদের (দেবী) পুজো এবং রাতে ওই নারীকে গণধর্ষণ করা হয়। একই ভারতের দুই রূপ। ওয়াশিংটনে একটি মঞ্চে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস।

ওয়াশিংটনে একটি মঞ্চে মন্তব্যে করেন ভারতীয় নারীদের প্রতি দু’মুখো ব্যবহারের ছবি। এর পরই ভারত জুড়ে এই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বীরের ওই মন্তব্যের পর নেটমাধ্যমে একের পর এক আক্রমণাত্বক মন্তব্য করা হচ্ছে। এমনকি, ভারতকে অপমান করার অভিযোগে দিল্লির তিলক মার্গ থানায় বীরের বিরুদ্ধে এফআইআর-ও করেছে বিজেপি।

দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বীরকে। আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়াস’ নামে তার নিজের শোয়ে বীরের মন্তব্য ছিল, ‘আমি এমন ভারতের বাসিন্দা, যেখানে আমরা দিনে নারীদের (দেবী রূপে) পুজো করি এবং রাতে তাঁদেরই গণধর্ষণ করি।’ শুধু তা-ই নয়, করোনার বিরুদ্ধে লড়াই, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন, ধর্ষণের মামলা-সহ একাধিক জ্বলন্ত সমস্যার কথাও তুলে ধরেছেন ওই মঞ্চে।

সেই মঞ্চের ভিডিও ইউটিউবের মাধ্যমে শেয়ার করতেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বীরের বিরুদ্ধে থানায় গিয়েছেন দিল্লি বিজেপি-র মুখপাত্র আদিত্য ঝা। অভিযোগপত্রের সঙ্গে বীরের বিরুদ্ধে টুইটে আদিত্য লিখেছেন, ‘অন্য দেশে গিয়ে আমাদের জাতিকে কেউ অপমান করবে, তা বরদাস্ত করা হবে না।’

সমালোচনায় সরব বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওতও। বীরের উদ্দেশে টুইটারে তার কড়া মন্তব্য, ‘আপনি যখনই ভারতীয় পুরুষদের গণধর্ষণকারী বলে তুলে ধরছেন, তখনই বিদেশে তার উৎসাহ দেওয়া হচ্ছে। এ ধরনের মন্তব্যের জন্য আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

বীরকে আক্রমণ করেছেন বহু টুইটার ব্যবহারকারী। এক জন লিখেছেন, ‘বীর এটা বলতে ভুলে গিয়েছেন যে এমন এক ভারত থেকে তিনি এসেছেন, যা রানি লক্ষ্মীবাঈের জন্মস্থান।’ অনেকে আবার দ্বিমত পোষণ করেন। তাদের মতে, বীর মঞ্চে রাজনীতি, ধর্ম, ক্রীড়ার মতো বহু ক্ষেত্রেই এ দেশের দ্বিচারিতার ছবি ফুটিয়ে তুলেছেন। অনেকে আবার বীরের সাহসী মনোভাবে তারিফ করেছেন। তবে সামলোচনার মুখে পড়ে মুখ খুলেছেন স্বয়ং বীর। তিনি লিখেছেন, ‘এই অনুষ্ঠানের ভিডিও ভারতের দ্বিচারিতা নিয়ে শ্লেষাত্মক ছবি তুলে ধরা হয়েছে। যে ভারতে দুই দিকই রয়েছে। ঠিক যেমনটা অন্য দেশেও থাকে। একটা অন্ধকার, অন্যটা আলোর দিক। একটা ভাল, অন্যটা মন্দ যে ভাবে সব কিছুর মধ্যে লুকিয়ে থাকে।’ সেই সঙ্গে তার মন্তব্য, ‘আমরা যে মহান, তা কখনই ভুলতে পারি না— ভিডিও এ কথাই জানানো হয়েছে। আমাদের যে সব মহান করে তুলেছে, তা থেকে মনোনিবেশ করা থেকেও ভুলবেন না!’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission